দৈনিক কাপাসিয়া বার্তা: নিজস্ব প্রতিবেদক গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কড়িহাতা ইউনিয়নের আন্জাবো গ্রামে শশী দত্ত (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। কড়িহাতা ইউনিয়নের আন্জাবো গ্রামে স্বামীর বাড়িতে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত শশী দত্ত নরসিংদী জেলার পলাশ থানার জিনার্দি ছোট লক্ষীপুর এলাকার শম্ভু দত্ত ও সীমা দত্তের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শশী দত্তের স্বামী কার্তিক শীল (২৮) একজন সৌদি প্রবাসী। তিনি কড়িহাতা ইউনিয়নের আন্জাবো এলাকার মরন শীল ও হ্যালন রানী শীলের ছেলে। সোমবার (২০ অক্টোবর ) বিকেল আনুমানিক ৫টার দিকে স্বামী কার্তিক শীলের সঙ্গে শশী দত্তের পারিবারিক কলহ হয়। এরই জেরে অভিমান করে তিনি পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে নিজ ঘরের বাথরুমে প্রবেশ করে বাথরুমের ঝর্ণার সাথে নিজের ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। আনুমানিক সন্ধা ৬ থেকে ৬.৩০ মিনিটের সময় বাথরুমে তার মরদেহ ঝুলন্ত অবস্থা দেখতে পান। সন্ধ্যা ৭ টা বা ৭.৩০ মিনিটের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শশী দত্তকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং তাকে নিচে নামানো হয়।
পুলিশ এলাকার বিভিন্ন লোকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন পারিবারিক ঝগড়াঝাটির কারনে শশী দত্ত গলায় উড়না পেচিয়ে আত্নহত্যা করেন। নিহত শশী দত্ত ও কার্তিক শীল দম্পতির রুদ্র জয় নামে ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। কাপাসিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদূল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।