
দৈনিক কাপাসিয়া বার্তা: আল্পনা আক্তার রীম
পুলিশ বাহিনীকে আরও সেবামুখী ও জনগণের আস্থাভাজন হিসেবে গড়ে তুলতেস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৮জুন তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় ভূমিকা রাখা মোট ১৫ জন পুলিশ সদস্যকে সনদপত্র ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। প্রত্যেককে মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজে ভূষিত করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কাজের তাৎক্ষণিক মূল্যায়ন ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে এবার ব্যতিক্রমীভাবে মন্ত্রণালয় থেকেই এ সম্মাননা দেওয়া হয়েছে। সাধারণত পুলিশ সদর দপ্তর বা রাজারবাগ পুলিশ লাইন্সে এ ধরনের পুরস্কার বিতরণ হয়ে থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ বাহিনী যে ভাবমূর্তি সংকটে পড়েছিল, তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বর্তমানে পুলিশ জনগণের আরও কাছাকাছি এসেছে এবং অপরাধ নিয়ন্ত্রণেও ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।
এছাড়াও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটি সরকারি প্রতিষ্ঠান নয় এবং তাদের বিশ্লেষণ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়। তবে গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে।
মামলা তদন্ত, পোস্টমর্টেম কার্যক্রম এবং পুলিশি টহল পরিচালনায় বিদ্যমান বাজেট সব ক্ষেত্রে পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান আর্থিক বাস্তবতায় এসব খাতে আরও বেশি অর্থ বরাদ্দের প্রয়োজন রয়েছে। তবে পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে ভবিষ্যতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
পুলিশ বাহিনীর শৃঙ্খলা ভঙ্গকারী কিংবা পলাতক সদস্যদের বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, আইন ও বিভাগীয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যেসব ঘটনার জন্য পুলিশ সদস্যরা পুরস্কৃত হয়েছেন, সেগুলোর মধ্যে রয়েছে রাজধানীর পল্লবী এলাকার একটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের সাহসিকতাপূর্ণ দায়িত্ব পালন এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।