
কাপাসিয়া(গাজীপুর): নাহিদ হাসান শান্ত:
গাজীপুর -৪ কাপাসিয়া আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর সাথে বিএনপির মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ রিয়াজুল হান্নান সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ১ মার্চ বাদ আছর কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে পবিত্র মাহে রমজানের ইফতার উপলক্ষে একঝুড়ি ফল নিয়ে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় নবনির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন আইউবী সঙ্গীয় উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা, শাহ্ রিয়াজুল হান্নানকে অত্যন্ত আন্তরিকতার সাথে ফুলেল শুভেচ্ছা জানান। ঘন্টা ব্যাপী আলোচনায় উপজেলায় চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, মাদকমুক্ত সমাজ গঠন ও উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনের মাধ্যমে, উপজেলা ব্যাপী উন্নয়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা ও দূর্নীতিমুক্ত প্রশাসন সহ সাধারণ মানুষের সুখ দুঃখে উভয়ে একসাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপর পূর্ব ঘোষণা ছাড়াই উপজেলার মূল দুই দলের দুই প্রতিদ্বন্দ্বী কাপাসিয়ার সার্বিক উন্নয়নে একসাথে বৈঠকে মিলিত হয়ে যৌথ উদ্যোগে উপজেলার উন্নয়নের এই আলোচনা জনসাধারণের মাঝে আলোর প্রদীপ শিখা উদয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় বিজ্ঞজনের ধারনা কাপাসিয়ার উন্নয়নের রূপকার প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র পথ ধরেই তাঁর সুযোগ্য উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান নবনির্বাচিত এমপিকে সাথে নিয়ে উন্নয়নে এগিয়ে যাবেন ।
অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আবুল ফাত্তাহ্, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন প্রমুখ।